বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনাজামালপুরের বকশীগঞ্জে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিকেডব্লিউএ) উদ্যোগে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ।
বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রাসেল।
এ সময় বক্তব্য দেন মোতালবে মন্ডল, সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, অভিভাবক নাসের রহমান, ফেরদৌস আলমসহ অন্যরা।
জানা গেছে, বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৬টি প্রতিষ্ঠানের মোট ৫৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তাদের উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও এসব প্রতিষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
পরে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন