মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহজামালপুরের মাদারগঞ্জে একটি সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ বইশাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রূপসী আক্তার একই ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ ঘোনাপাড়া এলাকার সাইর উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিছু কাপড়চোপড় সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন রূপসী। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। শুক্রবার সকালে এক কৃষক জমিতে সার ও কীটনাশক দিতে যাওয়ার সময় সেচ পাম্পের ঘরের ভেতর রূপসীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রূপসীর পরিবারের দাবি, প্রায় দুই বছর ধরে এক রাজমিস্ত্রির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টাও করা হয়েছিল বলে জানান তার বাবা।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ও মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি স্নেহাশীষ রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন