বকশীগঞ্জে অনলাইন অ্যাপের মাধ্যমে সার বিতরণ নিয়ে অবহিতকরণ সভা
বকশীগঞ্জে অনলাইন অ্যাপের মাধ্যমে সার বিতরণ নিয়ে অবহিতকরণ সভাজামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার বিতরণে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফডিএমএস) নামের অ্যাপের সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তাঁরা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একজন কৃষক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে অ্যাপে তথ্য এন্ট্রি করে সার উত্তোলন করতে পারবেন। কোনো কৃষক দ্বিতীয়বার সার নিতে গেলে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করা যাবে।
ফলে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি ডিলারদের অনিয়মও রোধ করা সম্ভব হবে বলে জানান তাঁরা। এর ফলে সার নিয়ে কারসাজি ও অব্যবস্থাপনা কমবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সার সংকটের সমস্যা অনেকটা কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বকশীগঞ্জ উপজেলার তরুণ শিক্ষার্থী হৃদয় হাসান রাফি অ্যাপটি তৈরি করেছেন।
অবহিতকরণ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন