বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর অভিযান, ধ্বংস করা হলো ড্রেজার ও পাইপ
বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর অভিযান, ধ্বংস করা হলো ড্রেজার ও পাইপজামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গভীর রাতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অভিযানে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় দশানী নদীতে এ অভিযান চালানো হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে থাকা ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র কয়েক দিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এমন খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সরকারি নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন