প্রেমের টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ীতে, বিয়ে করলেন নারীকে
প্রেমের টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ীতে, বিয়ে করলেন নারীকেফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকা (৩৮) বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শান্তিনা জাহান সিমিকে (২৮)। গত ২ অক্টোবর তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মিকা নিজের নাম রেখেছেন ‘মিকাইল’।
শান্তিনা জাহান সিমি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় তাঁর প্রথম স্বামীর মৃত্যু হয়। এরপর পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফিনল্যান্ডে বসবাসকারী শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে মুঠোফোনে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিয়ের জন্য গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকারের কাছ থেকে অনুমতি সনদ নেন মিকা। এরপর ২ অক্টোবর বাংলাদেশে এসে স্বেচ্ছায় খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি। জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘মিকাইল’। একই দিন নিবন্ধিত কাজির মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
শান্তিনার পাঁচ বছর বয়সী সন্তানকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন মিকাইল। নবদম্পতি জানিয়েছেন, তাঁরা নতুন জীবনে সুখে আছেন। আগামী ১৮ অক্টোবর ফিনল্যান্ডে ফিরে স্ত্রী ও সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে মিকাইলের।
মেয়ের নতুন জীবনের শুরুতে সন্তোষ প্রকাশ করেছেন শান্তিনার বাবা রফিকুল ইসলাম।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কোনো বিদেশি নাগরিক এলাকায় এসে বিয়ে করেছেন—এমন আনুষ্ঠানিক তথ্য এখনো থানায় পৌঁছায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন