বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলনসড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাধুরপাড়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের মকবুল হোসেন অভিযোগ করেন, গত ১২ অক্টোবর বটতলা মোড়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তাঁর ভাতিজা লালচান মাথা ও পায়ে আঘাত পান।
মকবুল হোসেনের দাবি, সড়ক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করে মারামারির একটি মামলা দায়ের করা হয়েছে। তবে দুর্ঘটনার দিন ঘটনাস্থলে কোনো মারামারি বা হামলার ঘটনা ঘটেনি।
তিনি আরও অভিযোগ করেন, জমি বিক্রির ৩৪ লাখ টাকা নেওয়ার পরও তাঁকে জমি কবলা দেওয়া হয়নি। বরং ওই বিরোধের জেরে তাঁদের হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মকবুল হোসেন মামলাটির প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থল সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
এ সময় ভুক্তভোগী আছমা বেগম, শাহাজল মিয়া, অন্তর মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন