নায়েব আলী হত্যার বিচার দাবিতে মেলান্দহে মানববন্ধন ও বিক্ষোভ
নায়েব আলী হত্যার বিচার দাবিতে মেলান্দহে মানববন্ধন ও বিক্ষোভজামালপুরের মেলান্দহে ইজিবাইক চালক নায়েব আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী, পরিবহন শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন নুরে আলম তালুকদার, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, নিহতের ছেলে আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শুধুমাত্র একটি ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে একজন নিরীহ ও পরিশ্রমী মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী মোমেনা বেগম বলেন, “আমার স্বামীই ছিল আমাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আয়েই সংসার চলত, সন্তানদের লেখাপড়া হতো। এখন আমরা অসহায় হয়ে পড়েছি। যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।”
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের ইজিবাইক চালক নায়েব আলী গত ২১ জুন ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ২৩ জুন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে লাগেজবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২৪ জুন ভোরে মূল অভিযুক্ত নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানিয়েছে, মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে নায়েব আলীকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন