সংসদ ভবনে এক ফ্রেমে বিএনপি-আওয়ামী লীগ নেতা, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
আওয়ামী লীগের এক নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অধিবেশন ও সংসদ ভবন পরিদর্শন করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বুধবার (২৪ জুন) বিকেলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে জাতীয় সংসদ ভবনে যান মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। তিনি নিজেই সংসদ ভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সময়ই ছবিগুলো তোলা হয় বলে জানা গেছে।
আব্দুল আজিজ মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ বলেন, “কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছি। একটি মিটিং ছিল। মিটিং শেষে বেলা ১টার দিকে সংসদ ভবনে গিয়েছিলাম।”
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির একজন সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতার সঙ্গে আওয়ামী লীগের একজন সক্রিয় নেতার সংসদ ভবনে একসঙ্গে উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ এবং উভয় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন