ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত ৯; থানায় মামলা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ইসলামপুরে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত ৯; থানায় মামলা

সাদ্দাম হোসেন, ইসলামপুর সংবাদদাতা:

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রোববার (১ জুন) দুপুরে প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন বিউটি বেগম।

তিনি জানান, ঘটনার দিন সকালে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়।

হামলায় জামিল (৩০), ইব্রাহিম (২২), কিনু শেখ (৫২), হাইবর (৪৫), সখিনা বেগম (৪০)সহ আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগী আছফুল বেগম ও মাফুজা বেগম অভিযোগ করেন, তারা বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী চক্র বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। পাশাপাশি ঘরের আসবাবপত্র ও স্টিলের ট্রাংক ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন