মাদারগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
মাদারগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
জামালপুরের মাদারগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিপু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ভেলামারী আনন্দ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে দুই আরোহী ভেলামারী আনন্দ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই দিপুর মৃত্যু হয়।
আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
নিহত দিপু জামালপুর সদর উপজেলার গোপালপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন