জামালপুরে ইশরাত হত্যা: প্রধান আসামি কাউসার গ্রেপ্তার
জামালপুরে ইশরাত হত্যা: প্রধান আসামি কাউসার গ্রেপ্তারজামালপুর শহরে ইশরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকেলে শহরের বাগেরহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট সকালে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে ইশরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসার আহমেদ খানসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার নেয় পিবিআই।
তদন্তে পিবিআই জানতে পারে, প্রায় তিন বছর আগে কাউসারের মনোহারি দোকানে কেনাকাটার সূত্রে ইশরাতের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পিবিআইয়ের দাবি, ওই সম্পর্কের একটি ভিডিও ধারণ করে ইশরাত পরবর্তীতে কাউসারকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন।
পিবিআই পুলিশ সুপার জানান, একপর্যায়ে কাউসার তার সঞ্চিত অর্থ শেষ করার পাশাপাশি জমি বিক্রি এবং পরিবারের সদস্যদের স্বর্ণালংকার বিক্রির অর্থও ইশরাতকে দেন বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া ইশরাত বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাদের বাসায় নিয়ে আসার জন্য কাউসারকে চাপ দিতেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
পংকজ দত্ত আরও জানান, ঘটনার দিন ইশরাত ফোন করে কাউসারকে তার ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইশরাত কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে কাউসার ইশরাতের গলা চেপে ধরেন। এতে তার মৃত্যু হয় বলে তদন্তে জানা গেছে।
হত্যার পর কাউসার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সোমবার বিকেলে বাগেরহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদসহ মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন