নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দাদির
নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দাদিরজামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সী নাতি তামীম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাতাসী বেওয়া ওই গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরের একটি স্টিলের শোকেস সরাচ্ছিল তামীম। এ সময় ছিঁড়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার শোকেসের ওপর পড়ে থাকায় সেটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। বিষয়টি দেখতে পেয়ে নাতিকে বাঁচাতে এগিয়ে যান দাদি বাতাসী বেওয়া। তামীমকে ধরার চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। তামীমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের আসবাবপত্র সরানোর সময় জিআই তারের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
একটি মন্তব্য পোস্ট করুন