দেওয়ানগঞ্জে সৎমাকে নির্যাতন ও বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ
দেওয়ানগঞ্জে সৎমাকে নির্যাতন ও বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগজামালপুরের দেওয়ানগঞ্জে সৎমাকে মারধর ও নির্যাতন করে বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জাহানারা বেগমের ছেলে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের গোয়াড়ডোবা গ্রামের মৃত ছানোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে জাহাঙ্গীর হোসেন তাঁর মায়ের নামে থাকা জমিতে একটি ঘর নির্মাণ করেন। তিনি স্ত্রীকে নিয়ে গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় তাঁর বৃদ্ধা মা জাহানারা বেগম ওই বাড়িতে একা বসবাস করতেন।
অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ছানোয়ার হোসেনের প্রথম পক্ষের পাঁচ ছেলে—ইলিয়াস, শফিকুল, রফিকুল, সোনা মিয়া ও মুছা—জোরপূর্বক ঘরে প্রবেশ করে বৃদ্ধা জাহানারা বেগমকে মারধর ও নির্যাতন করে ঘর থেকে বের করে দেন। পরে তারা ঘরে তালা ঝুলিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন। নির্যাতনের শিকার জাহানারা বেগম সারা রাত খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হন বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে জাহাঙ্গীর হোসেন গাজীপুর থেকে এসে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা খুলে দিলেও অভিযুক্তদের ভয়ে ভুক্তভোগী পরিবার বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ইলিয়াস এলাকায় বেপরোয়া ও মাস্তান প্রকৃতির ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন