দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা
দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভাজামালপুরের দেওয়ানগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
সভায় ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। পৌর শহরের পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি মণ্ডপগুলোতে কড়া নজরদারি রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সন্ধ্যার পর লোডশেডিং হলে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আগাম বার্তা দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া প্রতিমা বিসর্জনের সময় লাইফ জ্যাকেটের ব্যবস্থা এবং উপজেলার ২৪টি পূজামণ্ডপে ভিজিটিং বই দেওয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ বলেন, ‘আমাদের উপজেলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবারও ঘটবে না। এখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির পরিবেশে উৎসব পালন করে।’
সভায় আরও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই সুমন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন এবং উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র মোহন চন্দ্র।
এ সময় উপজেলার ২৪টি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন