ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-১-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড়ে স্থানীয় অনুশেখের মনোহারি দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উজানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। জেলায় মাদক ব্যবসা ও চোরাচালানে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন