পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা সরকারের: নিলুফার চৌধুরী মনি
আগামী পাঁচ বছরে সারা দেশে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুআগামী পাঁচ বছরে সারা দেশে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। অতীতের গাছ নিধনের ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিলুফার চৌধুরী মনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করেছেন। আগের সরকারের আমলে ব্যাপকভাবে গাছ কাটা হলেও সে তুলনায় নতুন গাছ লাগানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
পরিবেশ রক্ষায় সুন্দরবনের ভূমিকার কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের সময় সুন্দরবন নিজে ক্ষতিগ্রস্ত হয়েও উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। পরে প্রকৃতি নিজেই আবার সুন্দরবনকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়। এতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব স্পষ্ট হয়।
তিনি জানান, আগামী পাঁচ বছরে ৫০ কোটি গাছ রোপণ করা গেলে বছরে গড়ে ১০ কোটি গাছ লাগাতে হবে। এসব গাছ বড় হলে বায়ুদূষণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখবে। জামালপুরেও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের অর্থায়নে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত সমস্যা নিয়েও কথা বলেন নিলুফার চৌধুরী মনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি বলেন, ঢাকার বাইরে মফস্বলের সাংবাদিকেরা প্রাপ্য পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। সাংবাদিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে। পাশাপাশি হলুদ সাংবাদিকতা রোধেও উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আর্থিক অনিশ্চয়তা ও পেশাগত নিরাপত্তার অভাবে অনেক সাংবাদিক সমস্যায় পড়েন। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন