বকশীগঞ্জে সাংবাদিকদের তথ্য না দিয়ে ভিডিও করার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বকশীগঞ্জে সাংবাদিকদের তথ্য না দিয়ে ভিডিও করার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধেজামালপুরের বকশীগঞ্জে তথ্য সংগ্রহ করতে গিয়ে অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন সাংবাদিক। তাঁদের অভিযোগ, পরিচয় দিয়ে তথ্য জানতে চাইলে প্রয়োজনীয় তথ্য না দিয়ে উল্টো তাঁদের ভিডিও করেন মেরুরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মেরুরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান সাংবাদিকেরা।
সেদিন সরেজমিনে ওই কার্যালয়ে যান দৈনিক ডেসটিনি পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি তাহের শেখ, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মারুফ হাসান এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।
সাংবাদিকদের ভাষ্য, তাঁরা কার্যালয়ে গিয়ে কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে জানতে চান। এ সময় তিনি উত্তেজিত হয়ে তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করেন তাঁরা। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে গেলেও তাঁরা প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলে দাবি করেন সাংবাদিকেরা।
সাংবাদিকেরা জানান, সরকারি দপ্তরের কার্যক্রম, সেবার পরিবেশ ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে তথ্য সংগ্রহ করতেই তাঁরা সেখানে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ, তথ্য দেওয়ার পরিবর্তে কর্মকর্তা তাঁদের ভিডিও করেন।
এদিকে সরেজমিনে পরিদর্শনের সময় কার্যালয়ে বিদ্যুৎ ছিল না এবং আইপিএসও বন্ধ দেখা যায় বলে জানান সাংবাদিকেরা। সে সময় দাপ্তরিক কার্যক্রম চলতে দেখা যায়নি। তবে কার্যালয়ে জেনারেটর রয়েছে বলে তাঁদের নজরে আসে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে একজন সেবাগ্রহীতাকে সেবা দেওয়া হয়। এ ঘটনায় কার্যালয়ের নিয়মিত কার্যক্রম ও সেবাগ্রহীতাদের ভোগান্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ ছাড়া কার্যালয়ের অনার বোর্ডটি সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখা যায় বলেও জানান সাংবাদিকেরা। তাঁদের মতে, সরকারি দপ্তরের সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও জনসাধারণের ভোগান্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ।
অভিযোগের বিষয়ে জানতে মেরুরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন