দেওয়ানগঞ্জে যুবদল নেতা মধু মিয়ার উদ্যোগে সংস্কার হলো সড়ক
দেওয়ানগঞ্জে যুবদল নেতা মধু মিয়ার উদ্যোগে সংস্কার হলো সড়কজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের উত্তর কাঠারবিল এলাকায় দীর্ঘদিনের জরাজীর্ণ কাঁচা সড়ক সংস্কার করা হয়েছে। ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মধু মিয়ার উদ্যোগে বৃহস্পতিবার সকালে ট্রলিতে করে মাটি এনে সড়কটির সংস্কারকাজ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কাঠারবিলের শাহ আলম মুন্সীর বাড়ি থেকে দক্ষিণ কাঠারবিল জামে মসজিদ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এতে এলাকার শতাধিক পরিবারকে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ত।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতকে জানানো হয়। পরে ২০২৫-২৬ অর্থবছরে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় সড়কটির সংস্কারের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের অর্থে সড়কটিতে মাটি ভরাট ও সংস্কারকাজ করা হচ্ছে।
সংস্কারকাজ তদারকির সময় হাতীভাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মধু মিয়া বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতেই দ্রুত সড়কটিতে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটি চলাচলের উপযোগী হলে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের যাতায়াত আরও সহজ হবে।
সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ উদ্যোগের জন্য তাঁরা মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন