জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২
জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। এ সময় মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারের চালক ও এক ক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যের চর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের চালান গাজীপুরে নেওয়া হবে—এমন তথ্য পান স্থানীয়রা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা রৌমারী-ঢাকা সড়কের মধ্যের চর এলাকায় অবস্থান নেন।
পরে বৃহস্পতিবার ভোররাতে বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চালক আলাল মিয়া (৪৫) ও মাদক ক্রেতা রিপন সাহা (৪৩) কে আটক করা হয়।
আটক আলাল মিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে। অপর আটক ব্যক্তি রিপন সাহা টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকার রামচন্দ্র সাহার ছেলে। উদ্ধার করা মদের চালানটি ঢাকায় নেওয়ার কথা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বৃহস্পতিবার দুপুরে জব্দ করা মদ ও প্রাইভেটকারসহ আটক দুজনকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন