জামালপুরে কষ্টিপাথরসদৃশ বস্তু ও মাদকসহ আটক ১১
জামালপুরে কষ্টিপাথরসদৃশ বস্তু ও মাদকসহ আটক ১১জামালপুরের তিন উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) পৃথক অভিযানে কষ্টিপাথরসদৃশ বস্তু, ভারতীয় মদ ও গাঁজাসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরসদৃশ বস্তু, ৭ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ২৪ ঘণ্টায় দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
ডিবি জানায়, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ফরহাদ হোসেন নামে এক ব্যক্তির ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের একটি কক্ষে তল্লাশি করে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরসদৃশ একটি বস্তু জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মো. সাইদুল ইসলাম (৪১), মো. ফরহাদ হোসেন (৩৫), বাবু মিয়া (৪২) ও ফেলু মিয়া (৩১)। অন্যরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমজাদ হোসেন (৭০), গোপালপুর উপজেলার জোয়াহের (৫৩), ধনবাড়ী উপজেলার সবুজ মিয়া (৪৪) এবং কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার নতুন বাটাজোড় বাজারে সাত্তার নামে এক ব্যক্তির ভাঙাড়ির দোকানের সামনের পাকা রাস্তা থেকে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামে একজনকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় রফিকুলের মনোহারি দোকানের সামনের রাস্তা থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাহাদুর আকন্দ (৪৬) ও এশরাদ আলী (৩৯) নামে দুজনকে আটক করা হয়। তাঁরা দুজনই ইসলামপুর উপজেলার বাসিন্দা।
দেওয়ানগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন