বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে আরও ২৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে আরও ২৫ বস্তা সার জব্দজামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে আবারও ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার দিয়ে দুটি অটোরিকশায় করে সারগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা সার জব্দ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার থেকে আরও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিভিন্ন এলাকায় পাচারের চেষ্টা করছে। প্রশাসনের তৎপরতায় এসব সার পাচারের চেষ্টা ভেস্তে যাচ্ছে।
পরে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
বকশীগঞ্জের ইউএনও মুরাদ হোসেন জানান, সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। এগুলো ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন