স্বৈরাচারের সঙ্গে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন
স্বৈরাচারের সঙ্গে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুনবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অর্থনৈতিক লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে আওয়ামী লীগের দলীয় প্রশাসনে পরিণত করা হয়েছিল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ওয়ারেছ আলী মামুন বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াতে ইসলামী। স্বাধীনতাবিরোধী অবস্থানের কারণে দলটি একসময় রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল। ৫ আগস্টের পর তারা আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, ‘তবে তারা যদি পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে, তাহলে স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি বাংলাদেশে কার্যকর করা হবে।’
জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
একটি মন্তব্য পোস্ট করুন