ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু, মেয়েও আহত
ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু, মেয়েও আহতজামালপুরের ইসলামপুরে চার্জে থাকা অটোইজিবাইক বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৪৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ সময় বাবাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে তাঁর ১৫ বছর বয়সী মেয়ে। তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ আমলতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কাঞ্চন মিয়া প্রতিদিনের মতো বুধবার রাতে তাঁর অটোইজিবাইকটি চার্জে দিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে অটোইজিবাইকটি বের করে জীবিকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় অটোইজিবাইকে বিদ্যুৎ সংযোগ থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে ছিল। অটোইজিবাইকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।
বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে উদ্ধার করতে এগিয়ে গেলে তাঁর ১৫ বছর বয়সী মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত বাবা-মেয়েকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাঞ্চন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মেয়েটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চার্জে থাকা অটোইজিবাইক বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়ার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন