মাদারগঞ্জে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়া, গ্রেপ্তার সাদুল্লাহ
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদুল্লাহ ওই এলাকার হাফিজল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কোয়ালিকান্দী বাজারে কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন সাদুল্লাহ। বাজির শর্ত অনুযায়ী তিনি একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে জানা গেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি জীবন্ত শালিকের পালক ও চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছেন। এ সময় তাঁকে ‘৫০০ টাকা মারা খাইলোরে’ বলতেও শোনা যায়।
ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের মতে, বাজি বা বিনোদনের নামে জীবন্ত প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্লাহকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সাদুল্লাহর জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে। শেরপুর থেকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন