দেওয়ানগঞ্জে বিএনপি নেতা জিয়ার অর্থায়নে রাস্তা সংস্কার
দেওয়ানগঞ্জে বিএনপি নেতা জিয়ার অর্থায়নে রাস্তা সংস্কারজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নে নিজস্ব অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা সংস্কার করেছেন ইউনিয়ন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক জিয়া। এতে এলাকার প্রায় দুই হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমেছে।
বুধবার সকালে ইউনিয়নের আকন্দপাড়া থেকে আচ্ছাকান্দি হয়ে কাঠারবিল বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানিতে রাস্তাটির বিভিন্ন অংশ ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে আকন্দপাড়া, আচ্ছাকান্দি ও উত্তর কাঠারবিল এলাকার বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। এ পরিস্থিতিতে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন জিয়াউল হক জিয়া।
আচ্ছাকান্দি গ্রামের বাসিন্দা ওয়াছকরুনি বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচলে আমরা চরম কষ্টে ছিলাম। আমাদের যাতায়াতের সুবিধার্থে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক জিয়া নিজ খরচে রাস্তাটি মেরামত করে দিয়েছেন। তিনি একজন ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া, অসহায় মানুষকে সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দান-অনুদান দিয়ে আসছেন।”
জিয়াউল হক জিয়া বলেন, “ইউনিয়নের রাস্তা, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন এবং জনগণের সেবক হিসেবে কাজ করতেই আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চাই। বিএনপির হাইকমান্ড আমাকে দলীয় মনোনয়ন দিলে চেয়ারম্যান পদে নির্বাচন করব।”
বুধবার সকালে রাস্তা সংস্কারের পাশাপাশি কাঠারবিল ও আমখাওয়া এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দির কমিটিগুলোর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাতীভাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি অফিল উদ্দিন, জুলাই যোদ্ধা ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।

একটি মন্তব্য পোস্ট করুন