মেলান্দহে জমি নিয়ে বিরোধ, ঘরবাড়ি ভাঙচুর ও টাকা-স্বর্ণ লুটের অভিযোগ
মেলান্দহে জমি নিয়ে বিরোধ, ঘরবাড়ি ভাঙচুর ও টাকা-স্বর্ণ লুটের অভিযোগ
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. গোলাম মোস্তফা (৪৭)।
অভিযোগকারী গোলাম মোস্তফা উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার মৃত রবিউল আলমের ছেলে।
অভিযোগে অভিযুক্তরা হলেন একই এলাকার নাজির উদ্দিনের ছেলে পাবেল (৩৫), রিপন (৪৮) ও উজ্জল (৪০), মৃত কানু মন্ডলের ছেলে নাজির উদ্দিন (৭০) এবং রিপনের ছেলে হামিদুল (২৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, ছবিলাপুর মৌজার ৪৪৮ ও ৪৫১ নং খতিয়ানের ৫৯৮, ৬০৯ ও ৬১১ নং দাগে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন গোলাম মোস্তফা। গত শুক্রবার সকাল ৯টার দিকে অভিযুক্তরা তাঁর ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ছাড়া ঘরে রাখা নগদ ২০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন গোলাম মোস্তফা।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে, গোলাম মোস্তফার টিনের চালাটি তাঁদের জমিতে ছিল। এ কারণে সেটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ তাঁরা অস্বীকার করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন