জামালপুরের দেওয়ানগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে রিয়াদ (৩০), মাঝিপাড়া এলাকার জহিজল হকের ছেলে এনাতুল হক (৩২) এবং ডাংধরা ইউনিয়নের চেংটিমারি পাথরেরচর এলাকার মৃত সুলাইমানের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (২৯)।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, রিয়াদকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং এনাতুল হককে নিজ ঘরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ৭ পিস ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। এ ছাড়া জহুরুল ইসলাম জুয়েলকে চেংটিমারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় রিয়াদ ও এনাতুল হককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ৯(১) উপ-ধারার (ঘ) দফা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) সারণির ১৭ অনুযায়ী জুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সংশ্লিষ্ট আইনে দুজনকে এক বছর এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
