জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাখাওয়াত হোসেন শাহিন (৫৫) ও শফিকুল ইসলাম (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার সাখাওয়াত হোসেন শাহিন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি উত্তর মকিরচর গ্রামের আফছার আলীর ছেলে। অপরদিকে শফিকুল ইসলাম পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ডিগ্রীরচর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বে দায়ের করা একটি নাশকতা মামলায় অভিযান চালিয়ে রোববার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
