শেরপুরের গারো পাহাড় সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ২৩ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের রাজাপাহাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এর আগে, ২২ নভেম্বর মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তের গারোকোনা লেবু বাগান এলাকায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মদ ও মোবাইল ফোন ফেলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে এসব মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
