জামালপুরের মেলান্দহে বসতঘরে অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার পড়াগলী টনকী এলাকায় আব্দুর রহিমের বসতঘরে এ অভিযান চালানো হয়। এ সময় ঘরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে গাঁজা উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা।
জামালপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। এর প্রভাবে যুবসমাজের একটি অংশ নষ্ট হচ্ছে এবং সমাজে অপরাধ বাড়ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। জামালপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত ও বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
