প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মেধা ও সংস্কৃতির আলোয় দীপ্ত দুই ভাই: সাফল্যের নেপথ্যে এক শিক্ষক মায়ের অদম্য সংগ্রাম
মেধা ও সংস্কৃতির আলোয় দীপ্ত দুই ভাই: সাফল্যের নেপথ্যে এক শিক্ষক মায়ের অদম্য সংগ্রাম
প্রকাশঃ
মোঃ ইমরান মাহমুদ:
পড়াশোনার পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় মুন্সিয়ানা দেখিয়ে দেশের গণ্ডিতে আলো ছড়াচ্ছে দুই শিশু প্রতিভা—আম্মার ইমতিয়াজ ও তার ছোট ভাই ইশতিয়াক। অল্প বয়সেই অসংখ্য সম্মাননা, স্মারক, ক্রেস্ট ও প্রশংসাপত্র নিজেদের ঝুলিতে পুরে তারা এখন জেলার গর্বে পরিণত হয়েছে। এই দুই খুদে প্রতিভার সাফল্যের নেপথ্যে রয়েছে এক সংগ্রামী শিক্ষক মায়ের পরম মমতা, সঠিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম।
জানা গেছে, বড় ভাই আম্মার ইমতিয়াজের বয়স ১০ বছর এবং সে পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, ছোট ভাই ইশতিয়াক হোসেনের বয়স ৮ বছর এবং সে একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বয়সে ছোট হলেও মেধা ও মননে তারা অনেক দূর এগিয়ে গেছে।
পড়াশোনা থেকে সাংস্কৃতিক অঙ্গন—সবখানেই সাফল্যের জয়জয়কার
লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও এই দুই ভাই রাখছে মুন্সিয়ানার স্বাক্ষর। ২০২৫ সালে ‘ফিউচার ক্যাডেট’ থেকে বৃত্তি লাভ করে তারা সুনাম অর্জন করে। সুন্দর হাতের লেখা এবং ইংলিশ স্পোকেনে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগে স্থান অর্জন করেছে এবং তারা অর্জন করেছে মেডেল, ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি।
এছাড়া ২০২৬ সালের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কেন্দ্রীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত ‘স্মৃতিতে জুলাই’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে তারা। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতায় বিভাগে প্রথম স্থান অধিকারসহ নজরুল জয়ন্তী, চিত্রাঙ্কন, আবৃত্তি, কুইজ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, কোরআন প্রতিযোগিতা, আরবি ও বাংলা-ইংরেজি ক্যালিগ্রাফি এবং ইসলামী সংগীতের বিভিন্ন প্রতিযোগিতায় তারা দুজনে আলাদা গ্রুপে প্রথম স্থান অর্জন করে আসছে।
জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিস, প্রাথমিক শিক্ষা পদক, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, ভ্রাম্যমাণ লাইব্রেরি, পরিবেশ অধিদপ্তর, পর্যটন অধিদপ্তর, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, অনলাইন প্ল্যাটফর্ম ডট বিডি বাংলাদেশ লিমিটেড, ব্রহ্মপুত্র ইউনিভার্সিটি, জেলা সরকারি গণগ্রন্থাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্র্যাকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আয়োজিত প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অর্জন করে জেলা প্রশাসকসহ দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা কুড়িয়েছে।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদেরও প্রশংসা অর্জন করেছে এই দুই ভাই। রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান ও ছড়া গানেও তারা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।
সাফল্যের মূল কারিগর শিক্ষক মা
এই দুই শিশুর সফলতার পেছনে সবচেয়ে বড় প্রেরণা ও শক্তির উৎস তাদের শিক্ষক মা আসমা খাতুন। মায়ের সচেতন দিকনির্দেশনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছে তারা।
বড় ভাই আম্মার ইমতিয়াজকে প্রশ্ন করা হলে সে জানায়, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে, গান গাইতে এবং বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে ভালোবাসে তারা।
সে আরও জানায়, “ছোট থেকেই মা আমাদের হাতে ধরে বর্ণ পড়তে ও লিখতে শিখিয়েছেন। মা তাঁর কর্মব্যস্ততার পরেও নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে ধৈর্য সহকারে নিজের সমস্ত সময় আমাদের পেছনে ব্যয় করেন। আমরা আমাদের মাকে খুব ভালোবাসি।”
বাবা-মায়ের এই দুই সন্তানের চোখ জুড়ে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন। তাদের এই অনন্য অর্জন ও মেধা আগামী দিনে দেশের জন্য আরও বড় সুনাম বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীমহলের।

একটি মন্তব্য পোস্ট করুন