জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পাশে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ বাংলাদেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষে দেশের মৎস্য খামারিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। দেশের চাহিদা পূরণ করে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।
বক্তারা মৎস্য সম্পদের উৎপাদন আরও বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন