দেওয়ানগঞ্জে নকল জুস কারখানায় পুলিশের অভিযান, বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার ১
দেওয়ানগঞ্জে নকল জুস কারখানায় পুলিশের অভিযান, বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার ১ নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে ভেজাল ও নামী-দামি ব্র্যান্ডের নকল জুস তৈরি ও বাজারজাতের অভিযোগে লুৎফর রহমান লতু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়িতে গড়ে তোলা কথিত কারখানা থেকে বিপুল পরিমাণ জুস তৈরির সরঞ্জাম, বোতলের ক্যাপ, নকল লেবেল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরআমখাওয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে কারখানা স্থাপন করে নকল ও ভেজাল জুস তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানায় কর্মরত ৫-৬ জন পালিয়ে গেলেও লুৎফর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে জুস তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে বোতলের ক্যাপ লাগানোর মেশিন, ইলেকট্রিক মিক্সার, প্যাকেজিং মেশিন, হট এয়ার গান ও মেয়াদ বসানোর স্পট সিল মেশিন।
এ ছাড়া প্রায় ১ লাখ ৩ হাজার বোতলের ক্যাপ, ১৬৫টি খালি বোতল এবং ‘কেলমন’, ‘স্পিড’, ‘ফ্রুটিকা’সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল লেবেল ও স্টিকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ভেজাল জুস তৈরিতে ব্যবহৃত স্যাচারিন, সাইট্রিক অ্যাসিড (টক চিনি), বিভিন্ন ফ্লেভার ও ক্ষতিকর রাসায়নিক তরলও উদ্ধার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তি কোনো বৈধ অনুমোদন ছাড়াই ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ভেজাল ও নকল জুস তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন