বকশীগঞ্জে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলনজামালপুরের বকশীগঞ্জে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবের চর মোড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কুতুবের চর গ্রামের ভুক্তভোগী নবীর রহমান, হেবল মিয়া, সিদ্দিক, লুৎফর রহমান, বিলেত আলী ও শাহীন মিয়া জানান, ২০১৩ সালে খেয়ারচর গ্রামের ইদ্রিছ আলীর কাছ থেকে সাধুরপাড়া মৌজার ৫২৫৮ নম্বর খতিয়ানের ২৪৩৭ নম্বর দাগের ২২৪৫ নম্বর দলিলমূলে তারা ছয়জন মোট ৮৮ শতাংশ জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকে তারা ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসলেও গত ৫ আগস্ট সকালে জমিতে হালচাষ করতে গেলে কুতুবের চর গ্রামের মোস্তাফিজুর, ফয়জুল্লা, রাসেল, মাহাবুব, সরোয়ার ও নাদেরসহ কয়েকজন তাদের বাধা দেন এবং জমি ছেড়ে চলে যেতে বলেন।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, তারা জমি ছেড়ে না দেওয়ায় প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে। এতে তাদের সামাজিকভাবে হেয় করার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এ সময় মরহুম ইদ্রিছ আলীর ছেলে মো. ফিরোজ মিয়া উপস্থিত ছিলেন। তিনি বলেন, তার বাবা জীবিত থাকা অবস্থায় ২০১৩ সালে নিজ নামে রেকর্ডকৃত ৮৮ শতাংশ জমি উল্লিখিত ছয়জনের কাছে বিক্রি করেছিলেন। তার দাবি, ক্রেতারাই ওই জমির বৈধ মালিক।
মো. ফিরোজ মিয়া আরও বলেন, “তাদের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তবে জমি নিয়ে উভয় পক্ষের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র ও আইনগত অবস্থান যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ করা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন