ইয়াবাসহ গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
জামালপুরের মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের একদিন পর মেলান্দহ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত সোলায়মান ইসলাম মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোলায়মান ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষর রয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, দল কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান ইসলাম ও আরেক যুবককে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন