দেওয়ানগঞ্জে ১ হাজার ২৩০ ফুট সিসি ঢালাই সড়কের নির্মাণকাজ উদ্বোধন
দেওয়ানগঞ্জে ১ হাজার ২৩০ ফুট সিসি ঢালাই সড়কের নির্মাণকাজ উদ্বোধনজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের প্রায় ১ হাজার ২০০ পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ১ হাজার ২৩০ ফুট সিসি ঢালাই সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বানিয়াপাড়া সড়ক ও জনপথ (সওজ) সড়ক থেকে পূর্ব দিকে নদীপাড় পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিতব্য এ সড়কের কাজের উদ্বোধন করেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম মিয়া (জে.কে.)।
বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা মহলউদ্দিন বলেন, “নদীর পূর্ব পাড়ে আমাদের বানিয়াপাড়া গ্রামে প্রায় ১ হাজার ২০০ পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে একটি পাকা রাস্তা না থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আমাদের এই কষ্ট দূর করতে চেয়ারম্যান মহোদয় সরকারি বরাদ্দের অর্থে রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন।”
ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জে.কে.) বলেন, “দীর্ঘদিন ধরে বানিয়াপাড়া নদীর পূর্ব পাড়ের প্রায় ১ হাজার ২০০ পরিবার যাতায়াতে চরম দুর্ভোগে ছিল। তাদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কাঁচা রাস্তাটি সিসি ঢালাই করে পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে ইউনিয়নের যেসব কাঁচা রাস্তা রয়েছে, সেগুলোও পাকা করা হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সদাগর, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম খাজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাসকিন আহাম্মেদ ফাহিম, সমাজসেবক মুন্তাজ, ইউপি সদস্য আমেজ আলী, বাদশা মিয়া, ফারুক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন