বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, মৎস্যচাষি ফজলুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন