জামালপুরে লিগ্যাল এইডের মধ্যস্থতায় ৪৪৫ বিরোধের মীমাংসা
ছয় মাসে ৪৪৫ বিরোধের মীমাংসা, আদায় প্রায় ৪ কোটি টাকা
জামালপুরে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ৪৪৫টি বিরোধের সফল মীমাংসা করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ এ.কে.এম ছিফাতুল্লাহ। মধ্যস্থতার মাধ্যমে এসব বিরোধ নিষ্পত্তি করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রায় ৪ কোটি টাকা আদায় করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে আটকে থাকা শত কোটি টাকা মূল্যের জমিজমা উদ্ধারে ভূমিকা রেখেছে জেলা লিগ্যাল এইডের মধ্যস্থতা কার্যক্রম।
২০২৬ সালের ২৮ জানুয়ারি জামালপুরে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ হিসেবে যোগদানের পর থেকেই বিনামূল্যে আইনি সহায়তা এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব দেন এ.কে.এম ছিফাতুল্লাহ।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, গত ছয় মাসে অর্থনৈতিক লেনদেন, জমিজমা, পারিবারিক বিরোধসহ বিভিন্ন বিষয়ে ৪৪৫টি বিরোধের মীমাংসা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রীর বিরোধসহ পারিবারিক নানা সমস্যাও আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এ উদ্যোগের ফলে শতাধিক পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে।
এ ছাড়া এ সময়ে সহস্রাধিক নারী-পুরুষকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের আইনগত সেবা পেয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইডের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করা হচ্ছে। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থানে ৩০টির বেশি বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ এ.কে.এম ছিফাতুল্লাহ বলেন, অর্থের অভাবে কোনো সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেটিই লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য। বিরোধ দীর্ঘস্থায়ী না করে পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি করা গেলে উভয় পক্ষই উপকৃত হন।
তিনি বলেন, জেলা লিগ্যাল এইড অফিস থেকে আইনি পরামর্শ, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং প্রয়োজনীয় আইনগত সহায়তার সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন