জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানি
জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানিজামালপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ গণশুনানির আয়োজন করে।
সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান।
এ ছাড়া জামালপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শামছুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো. মুর্শিদুল হক, সনাক সদস্য শুভ্র মেহেদী, আসমাউল আসিফ, সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইনসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ১৫০ শয্যার জনবল রয়েছে। অথচ হাসপাতালে প্রতিদিন গড়ে ৬ শতাধিক রোগী ভর্তি থাকেন। ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দায় রোগীদের নিজস্ব ব্যবস্থাপনায় বিছানা পেতে সেবা নিতে হয়। তাই জনবল ও অবকাঠামো বাড়ানো হলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান সম্ভব হবে।
গণশুনানিতে সেবা নিতে আসা আল আমিন, সজিব মাহমুদ, সাহিদা আক্তারসহ কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা অংশ নিয়ে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ২১টি অভিযোগ তুলে ধরেন।
অভিযোগগুলোর মধ্যে ছিল চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার, সেবা পেতে অতিরিক্ত টাকা প্রদান, রসিদবিহীন অর্থ আদায়, বাতি ও বৈদ্যুতিক পাখা সচল না থাকা, সেবা পেতে হয়রানি ও বিলম্ব এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের অবস্থানসহ বিভিন্ন সমস্যা।
পরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

একটি মন্তব্য পোস্ট করুন