দেওয়ানগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ব্যক্তির এক মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ব্যক্তির এক মাসের কারাদণ্ডজামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবা সেবনের দায়ে রুস্তম আলী (৫৩) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত রুস্তম আলী উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রুস্তম আলী নিজ বসতঘরে ইয়াবা সেবন করছেন—এমন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে ২৪টি ইয়াবা ট্যাবলেট, ফয়েল পেপার ও ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) ধারার (ঘ) দফা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারার সারণির ১৭ নম্বর অনুযায়ী রুস্তম আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন করে কেউ জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ও ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন