মাদকসহ গ্রেপ্তার, বকশীগঞ্জে ছাত্রদল নেতা উদয়কে অব্যাহতি
মাদকসহ গ্রেপ্তার, বকশীগঞ্জে ছাত্রদল নেতা উদয়কে অব্যাহতিজামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তারের পর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বকশীগঞ্জ উপজেলা শাখা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে তাঁর পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। অভিযানে ২১৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলসহ আমান উল্লাহ উদয় ও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
উদয়ের গ্রেপ্তার ও পরবর্তী সময়ে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বকশীগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন