সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়াচ্ছে ‘বট বাহিনী’: বিমানমন্ত্রী মিল্লাত
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়াচ্ছে ‘বট বাহিনী’: বিমানমন্ত্রী মিল্লাতসামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট বাহিনী’ অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। এসব অপতথ্য রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে দেশের যে ক্ষতি করেছে, তার পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও দেশের অনেক ক্ষতি করেছে। দেশে নির্বাচন না হওয়া এবং অস্থিরতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রসঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা, যাদের তিনি ‘বট বাহিনী’ বলে উল্লেখ করেন, তারাই এসব অপতথ্য ছড়াচ্ছে। অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেক এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন