জামালপুর সীমান্তে দুই লাখ টাকার মদ-ইয়াবা জব্দ, আটক ১
জামালপুর সীমান্তে দুই লাখ টাকার মদ-ইয়াবা জব্দ, আটক ১জামালপুরের সীমান্তবর্তী এলাকায় ৩৫ বিজিবির পৃথক অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মাদকসহ মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে জামালপুরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি। বুধবার (২১ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে জামাইপাড়া এলাকায় অভিযান চালান ইজলামারী বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করেন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন