দেওয়ানগঞ্জে ২৪ মণ্ডপে দুর্গোৎসবের সমাপ্তি, বিসর্জন ঘিরে কঠোর নিরাপত্তা
দেওয়ানগঞ্জে ২৪ মণ্ডপে দুর্গোৎসবের সমাপ্তি, বিসর্জন ঘিরে কঠোর নিরাপত্তাজামালপুরের দেওয়ানগঞ্জে উৎসবমুখর পরিবেশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলাটির ২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে শহরের ১৩টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বাকি ১১টি মণ্ডপের প্রতিমা যমুনা, জিঞ্জিরাম ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়।
এর আগে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা, সিঁদুর খেলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। বুধবার ভোর থেকেই উপজেলার ২৪টি পূজামণ্ডপে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় বিশেষ অঞ্জলি। এ সময় উপবাস থেকে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন ভক্তরা। বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন নারী-পুরুষ।
দুপুরে নির্ধারিত সময়ে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে বিকেলে বিভিন্ন মণ্ডপ থেকে বের করা হয় বিজয়া শোভাযাত্রা। সবশেষে সন্ধ্যায় নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা জোরদার করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোবিন খাঁনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও নিরাপত্তা কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন