আশেক মাহমুদ কলেজে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
আশেক মাহমুদ কলেজে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধারজামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় হলের শিক্ষার্থীরা আউটডোরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
হলের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ আউটডোরে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গিয়ে দেখতে পান, এক যুবক সেখানে ঝুলে আছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হলের শিক্ষার্থী কিংবা আশপাশের এলাকার কেউই মরদেহটি দেখে তাঁকে শনাক্ত করতে পারেননি।
সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের হল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, “ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই সেখানে গিয়েছি। ওই যুবক আমাদের হলের আবাসিক শিক্ষার্থী নন। এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, হল থেকে পুলিশ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন