মেলান্দহে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ে তালা, বিক্ষোভ
মেলান্দহে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ে তালা, বিক্ষোভজামালপুরের মেলান্দহ উপজেলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিনের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের করিমুজ্জামান উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিভিন্ন স্লোগান দেয়। তাদের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি, অতিরিক্ত অর্থ আদায় এবং নিয়মিত পাঠদান না হওয়ার মতো ঘটনা ঘটছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম বেড়েছে। তাদের দাবি, পার্শ্ববর্তী বিদ্যালয়ের তুলনায় পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ ছাড়া শিক্ষক সময়মতো বিদ্যালয়ে আসেন না এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান বলেও অভিযোগ করে তারা।
শিক্ষার্থীরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ এবং বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায়।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন বলেন, “কিছু শিক্ষক শিক্ষার্থীদের উসকানি দিয়ে আমাকে অপমান-অপদস্থ করার জন্য এসব করাচ্ছেন। শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে, তা সঠিক নয়।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইজামদ্দিন বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি জেনেছি। প্রধান শিক্ষক ফোন করে বিষয়টি জানিয়েছেন। এমপি সাহেব দায়িত্ব নিয়েছেন, তিনি বিষয়টি সমাধানের জন্য বলেছেন।”
আর্থিক অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান শিক্ষকের কাছে আমি হিসাব চেয়েছিলাম, কিন্তু তিনি হিসাব দেননি।”
এ বিষয়ে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই বা তদন্তের ফল পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন