স্টাফ রিপোর্টার: জামালপুর শহরের পিটিআই মোড়ে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করায় বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকেরা। শনিবার সকালে এই ঘটনা ঘটে, যা পরবর্তীতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই তেলের জন্য পিটিআই মোড়ের মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে ভিড় জমাতে থাকেন মোটরসাইকেল চালকেরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই। তবে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি যাচাই করে।
পরে সরেজমিনে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, অতিরিক্ত ভিড়ের কারণে আতঙ্কে দোকান মালিক সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে মজুদ থাকা তেল গ্রাহকদের মধ্যে বিক্রি করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, তল্লাশির সময় উল্লেখযোগ্য পরিমাণ তেল মজুদ পাওয়া গেছে। আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং মজুদ তেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে পেট্রোল বিক্রি শুরু হয়, ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন