দেওয়ানগঞ্জে আর্জেন্টিনার পতাকা চুরি, সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
দেওয়ানগঞ্জে আর্জেন্টিনার পতাকা চুরি, সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণাদেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি পতাকার সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সমর্থকরা।
শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর টুটুল সিকদার নামে একজন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা চাঁদা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে জানতে পারেন তারা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান না পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করা হয়।
টুটুল সিকদার বলেন, “অনেক পরিশ্রম করে টাকা-পয়সা তুলে পতাকাটি বানিয়েছিলাম। যে এটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। পতাকাটি হারিয়ে ক্লাবের সদস্যরা কষ্ট পেয়েছেন। অনেকেই নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য অর্থ দিয়েছিলেন। তাই এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেউ পতাকাটির সন্ধান দিলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন