‘সিঙ্গাপুর-কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই’: প্রধানমন্ত্রী
‘সিঙ্গাপুর-কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই’: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে অন্য কোনো দেশের আদলে গড়ার প্রয়োজন নেই। বরং দেশকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “অনেক সময় বলা হয় বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা কানাডার মতো বানানো হবে। আমি মনে করি, বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই আরও ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। আমরা বেটার বাংলাদেশ গড়তে চাই।”
তিনি বলেন, শুধু সরকারের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক দল, প্রশাসন, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ মানুষসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কক্সবাজার শহরের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর হিসেবে কক্সবাজারের একটি আলাদা পরিচিতি রয়েছে। তাই এই শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শহরের যানবাহন ব্যবস্থাপনা, ট্রাফিক শৃঙ্খলা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা গেলে কক্সবাজার আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে।
গত ১৭ বছরে কক্সবাজারের উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন এলাকা ঘুরে আমার মনে হয়েছে, অনেক উন্নয়ন কাজ আরও আগেই সম্পন্ন হওয়া উচিত ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি।”
দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তিনি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সেখানে একটি মেরিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল, বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদও অনুষ্ঠানে অংশ নেন।
পরে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেন। রাত সোয়া ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
সূত্র: বাসস

একটি মন্তব্য পোস্ট করুন