জামালপুরের বকশীগঞ্জে নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানাজিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:
জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করার দায়ে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়।
জানা যায়, মোদকপাড়া এলাকার বাসিন্দা সুনীল মোদকের ছেলে উত্তম মোদক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বিক্রি করে আসছিলেন। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
পরে উত্তম মোদককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সিগারেটগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন